গয়েশ্বর ও আলালের রিমান্ড ও জামিন আবেদন নাকচ
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। উভয় মামলার তদন্ত কর্মকর্তাকে ১০ কার্যদিবসের মধ্যে এ দুজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গত ২৪ ডিসেম্বর সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলার মামলায় গতকাল গয়েশ্বরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে তাঁর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত উভয় আবেদন নাকচ করেন।
২৪ ডিসেম্বর শাহবাগ থানার একটি মামলায় গতকাল মোয়াজ্জেম হোসেনকে মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত উভয় আবেদন নাকচ করেন।