গয়েশ্বর চন্দ্রের মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল, গ্রেপ্তার ২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে করা হরতালের মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। গয়েশ্বর চন্দ্রের মেয়ে অর্পণা রায় দাসের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ইস্টার্ন বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন। পরে নেতা-কর্মীরা মিছিল বের করেন। কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে গয়েশ্বর চন্দ্র রায়ের চাচাতো ভাই প্রদীপ রায় (৪৫) ও অমলন্দ সরকারকে (৪৩) দক্ষিণ কেরানীগঞ্জের মির্জাপুর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মডেল থানাধীন শিকারীটোলা দলীয় কার্যালয়ে সমাবেশ করে বিএনপি।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, গত রবি ও সোমবার হরতাল চলাকালে কেরানীগঞ্জে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি প্রদীপ ও অমলন্দকে গ্রেপ্তার করা হয়েছে।