গয়েশ্বর রায়কে হাইকোর্টে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তলব করেছেন হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
‘সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দী’—গয়েশ্বরের এমন মন্তব্য সংবাদপত্রে দেখে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। ২০ এপ্রিল গয়েশ্বর চন্দ্র রায়কে আদালতে হাজির হয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং পত্রিকাটি খুলে দেওয়ার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে গয়েশ্বর রায় ওই মন্তব্য করেন। ওই মানববন্ধনের আয়োজক সংগঠন ড্যাবের সহসভাপতি এম সালাম ও মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনকেও হাইকোর্ট একই দিন তলব করেছেন।