গয়েশ্বরের জামিন, মুক্তিতে বাধা নেই
হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা রামপুরা থানায় একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাঁর জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। এর ফলে গয়েশ্বর চন্দ্রের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী নিতাই রায় চৌধুরী।
গত ২৯ এপ্রিল হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চের এক বিচারপতি গয়েশ্বর চন্দ্র রায়ের আবেদনের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছিলেন। পরে এই বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
গত ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে মালিবাগের চৌধুরীপাড়ায় ছাত্রশিবিরের এক নেতা নিহত হন। এ ঘটনায় রামপুরা থানায় ৩০ ডিসেম্বর একটি মামলা হয়। ওই মামলায় ২০ এপ্রিল গয়েশ্বর চন্দ্র রায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।