গয়েশ্বরের বাড়িতে হামলা, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগঞ্জের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বাড়ির ছয় সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের মির্জাপুরের বাড়িতে এ হামলা চালানো হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী গয়েশ্বর চন্দ্র রায়ের চাচাতো ভাই নরেন চন্দ্র রায় জানান, কোন্ডা ইউনিয়ন শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. কাওসারের নেতৃত্বে দুটি বাসে করে শ্রমিক লীগের শতাধিক নেতা-কর্মী সন্ধ্যা ছয়টার দিকে গয়েশ্বর রায়ের বাড়ির কাছে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। ব্যানারে গয়েশ্বর রায়ের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছিল। একপর্যায়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা ব্যানারে আগুন দিলে গয়েশ্বরের বাড়ির লোকজন বাধা দেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে বাড়িতে হামলা চালান। হামলায় নিতাই (৪৫), রতন (৩২), বীরবল (২৭), অপু (২২), দীপঙ্কর সরকার (৩২) ও কাজী জাহাঙ্গীর (৪৫) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে গয়েশ্বরের সমর্থকেরা এগিয়ে এলে তাঁরা বাস দুটি ফেলে পালিয়ে যান।এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শ্রমিক লীগের নেতা কাওসারের নেতৃত্বে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারধর করে তাণ্ডব চালিয়েছে।’শ্রমিক লীগের নেতা কাওসার প্রথম আলোকে বলেন, বাসের ছাদের রেলিংয়ের সঙ্গে লেগে ব্যানার ছিঁড়ে গেছে। তাঁরা ইচ্ছা করে ব্যানার ছিঁড়েননি এবং গয়েশ্বরের বাড়িতে হামলাও চালাননি। উল্টো তাঁদের চারজন নেতা-কর্মীকে বাস থেকে নামিয়ে মারধর করেছে বিএনপির সমর্থকেরা।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বাস দুটি আটক করেছে।