গয়েশ্বরের বাড়ির সামনে পুলিশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মির্জাপুর এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি পুলিশ ঘেরাও করে রেখেছে বলে খবর পাওয়া গেছে। সকাল নয়টার দিকে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির সামনে সাত-আটজন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে।
পুলিশের ভাষ্য, ওই এলাকায় তারা টহল দিচ্ছে। গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি ঘেরাও করা হয়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গয়েশ্বর রায়ের মেয়ে অপর্ণা রায় প্রথম আলো ডটকমের কাছে মুঠোফোনে দাবি করেন, গতকাল মধ্যরাত থেকে তাঁদের গ্রামের বাড়ি পুলিশ ঘেরাও করে রেখেছে। তাঁর বাবাকে গ্রেপ্তারের জন্য বাড়িতে একাধিকবার অভিযানও চালানো হয়েছে। বাড়িতে এখন কেবল তাঁর মা অবস্থান করছেন। তিনি আতঙ্কে রয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামালউদ্দিন বলেন, ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছে। গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি ঘিরে রাখা হয়নি। এ ছাড়া বিএনপির এই নেতার বাড়িতে অভিযান চালানোর খবরের সত্যতা অস্বীকার করেন তিনি।