গয়েশ্বরের বিরুদ্ধে দুর্নীতি মামলায় আদালতে অভিযোগ গঠিত
অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন অভিযোগ গঠন এবং আগামী ১৮ মার্চ সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন।অভিযোগ গঠনের শুনানির সময় গতকাল গয়েশ্বর রায় আদালতে উপস্থিত ছিলেন। তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ থেকে গয়েশ্বর রায়ের অব্যাহতি চান। তিনি আদালতকে বলেন, গয়েশ্বর রায়ের বিরুদ্ধে অবৈধভাবে দুই কোটি ৮৬ লাখ টাকার সম্পদ অর্জন এবং তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। গত বছরের ৫ জানুয়ারি রমনা থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কোনো প্রকার তদন্ত ও অনুসন্ধান না করেই গত বছরের ৫ জুলাই এ মামলায় অভিযোগপত্র জমা দেয়। আইনজীবী বলেন, মামলায় গয়েশ্বর রায়ের যে সম্পদ দেখানো হয়েছে, তা তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করার কোনো উপাদান নেই।তবে শুনানি শেষে আদালত গয়েশ্বর রায়ের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।