
পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন আনোয়ার হোসেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পেয়েছেন জিপিএ ৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ঘ ইউনিটে মেধা তালিকায় নবম স্থান দখল করেছেন। ১ ডিসেম্বর ভর্তি হওয়ার কথা রয়েছে। কিন্তু ভর্তির ফি, বই কেনা আর ঢাকায় থাকা-খাওয়ার খরচ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তা তাঁর পিছু ছাড়ছে না।
‘অদম্য মেধাবী’ আনোয়ারের বাড়ি নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লায়। সেখানে একখণ্ড খাসজমিতে মাকে নিয়ে টিনের চালাঘরে থাকেন। আর মা কাজ করেন অন্যের বাড়িতে।
আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমার তখন পাঁচ-ছয় মাস বয়স। বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর আমার বড় বোন ও আমাকে নিয়ে মা কুলসমুন বেগম নানার বাড়িতে আশ্রয় নেন। কিন্তু নানার অবস্থাও দিন আনতে পান্তা ফুরায়। তাই মা আমার অন্যের বাড়িতে কাজ করতেন। হাড়ভাঙা পরিশ্রম করে মা আমাদের মুখে খাবার তুলে দিতেন। পরনের কাপড় কিনে দিতেন। এর মধ্যেই বড় বোনকে বিয়ে দেন। এত কষ্ট করেও মা আমাকে পড়াশোনা চালিয়ে যেতে দিয়েছেন। মায়ের উপার্জন ও আমার শিক্ষাবৃত্তির টাকায় এত দূর এসেছি। মা আমার এখনো অন্যের বাড়িতে কাজ করেন। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব কী করে, থাকব কোথায় আর পড়ালেখার খরচই বা জোগাড় করব কীভাবে, ভেবে কূলকিনারা পাচ্ছি না।’
এত প্রতিকূলতার মধ্যেও আনোয়ার স্বপ্ন দেখেন উচ্চশিক্ষা সম্পন্ন করার। তাঁর দুঃখিনী মায়ের মুখে হাসি ফোটানোর। তিনি বলেন, ‘পড়ালেখা শেষ করে মায়ের দুঃখ মোচনসহ দেশে দারিদ্র্য বিমোচনে অবদান রাখতে চাই। বিশেষ করে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তার জন্য একটি স্বতন্ত্র সংগঠন গড়ে তোলার স্বপ্ন দেখি।’
আনোয়ার ২০১৩ সালে শহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ (গোল্ডেন) এবং চলতি বছর বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন জিপিএ ৫ পেয়ে।
বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজের অধ্যক্ষ মো. রেজাউর করিম ও চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আফসার আলী জানান, আনোয়ার অত্যন্ত মেধাবী। তাঁদের পক্ষে সাধ্যমতো সবধরনের সহযোগিতাই তাঁকে দেওয়া হয়েছে। তাঁদের আশা, উচ্চশিক্ষার সুযোগ পেলে আনোয়ার ভবিষ্যতে দেশ-জাতির কল্যাণে কাজ করতে পারবে।