ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এক সংবাদ সম্মেলনে পরীক্ষাটি আবার নেওয়ার দাবি জানান। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এই সংবাদ সম্মেলন হয়। গত ২৮ অক্টোবর ওই পরীক্ষা হয়েছিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সচেতন ছাত্রদের সহযোগিতায় জালিয়াতির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট জালিয়াত চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রশাসনের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই চেষ্টা ব্যর্থ হলে কয়েকজনকে বলির পাঁঠা বানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন।