ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ফল না পাওয়ায় গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে ছিল পরীক্ষায় অংশগ্রহণকারীদের জটলা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এসব শিক্ষার্থী পরীক্ষার রোল নম্বরে ভুল করায় তাঁদের ফল বাতিল করা হয়েছে। ফল পুনর্মূল্যায়নের কোনো সুযোগ নেই। তবে শিক্ষার্থীরা বলছেন, এ বছর সব শিক্ষার্থীর রোল নম্বরের প্রথম সংখ্যাটি ছিল ‘৬’। তাঁদের দেওয়া উত্তরপত্রে ওই সংখ্যাটি আগে থেকেই পূরণ করা ছিল। এ কারণে তাঁরা বিভ্রান্ত হয়েছেন। পরীক্ষার হলে থাকা শিক্ষকেরাও এ বিষয়ে তাঁদের কোনো দিকনির্দেশনা দেননি।
ঘ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ফরিদউদ্দিন আহমদ বলেন, পরীক্ষার খাতায় রোল নম্বর সঠিকভাবে লেখাও একটি পরীক্ষা। ফল পুনর্মূল্যায়নের এখন আর সুযোগ নেই। আবেদন করলে কী ভুল হয়েছে তা কর্তৃপক্ষ দেখাবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয় সূত্রে জানা যায়, ডিন কার্যালয় থেকে দেওয়া ফলে ১৫ হাজার ৩৮ জন শিক্ষার্থীর ফলের বিষয়ে কোনো তথ্য নেই। এঁদের অধিকাংশই রোল নম্বর ভুল করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ভর্তি কমিটির এক সদস্য বলেন, শিক্ষার্থীরা রোল নম্বরে কাটাছেঁড়া করলেও উত্তরপত্রের ক্রমিক নম্বর দিয়ে তাঁদের উত্তরপত্রটি যাচাই করা সম্ভব। যেহেতু বছরে একবারই ভর্তি পরীক্ষা নেওয়া হয় তাই এ ক্ষেত্রে ডিন কার্যালয় একটু আন্তরিকতা দেখালে পারত।
কিন্তু ফরিদউদ্দিন বলছেন, উত্তরপত্রে কোনো ধরনের কাটাছেঁড়া গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা উত্তরপত্রেই রয়েছে। তবুও শিক্ষার্থীরা ভুল করলে তা পুনর্মূল্যায়নের কোনো সুযোগ নেই। এদিকে উত্তরপত্র যাচাই করতে হলে আগামী ২০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এ জন্য এক হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।