ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফল ঘোষণা করেন। গত শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, এ বছর ঘ ইউনিটে ৮৬ হাজার ৫২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ১৩ জন। পাস করেছেন আট হাজার ৯৬ জন। বাকি সবাই অকৃতকার্য। পাসের হার ১১ দশমিক ৪০ শতাংশ।
উল্লেখ্য, ঘ ইউনিটে আসনসংখ্যা এক হাজার ৩৫৬টি।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে এবং রবি, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল থেকে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। খুদে বার্তার জন্য মুঠোফোনের খুদে বার্তা অপশনে গিয়ে DU (স্পেস) GHA (স্পেস) পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।