ঘটনা আকস্মিক, শিক্ষক-সাংসদ দুজনেই পরিস্থিতির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানোর ঘটনাটিকে আকস্মিক বলে উল্লেখ করা হয়েছে পুলিশের প্রতিবেদনে। এতে শিক্ষক শ্যামল কান্তির জবানবন্দি উদ্ধৃত করে বলা হয়েছে, জাতীয় পার্টির স্থানীয় সাংসদ এ কে এম সেলিম ওসমান এবং তিনি দুজনেই পরিস্থিতির শিকার।

শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বন্দর থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার জিডির এই প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি নিয়ে আদালত পরবর্তী আদেশের জন্য ১০ আগস্ট দিন ধার্য করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, শিক্ষক শ্যামল কান্তি ভক্তসহ ওই প্রতিষ্ঠানসংশ্লিষ্ট (বিদ্যালয়) কোনো ব্যক্তিরই কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। এমনকি ঘটনায় জড়িত করে কারও সম্পর্কে কেউ কোনো ধরনের জবানবন্দি বা বক্তব্যও দেননি। তাই এ বিষয়ে কারও বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়,...পুলিশ উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার সময় প্রধান শিক্ষককে (শ্যামল কান্তি) জনগণের রোষানল থেকে রক্ষার জন্য উত্তেজিত জনতার দাবির পরিপ্রেক্ষিতে কান ধরে ওঠ-বস করার ঘটনাটি আকষ্মিকভাবে ঘটে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩ মে শ্যামল কান্তিকে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা-প্রতিবাদের ঝড় ওঠে। মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সাংসদ সেলিম ওসমানের কঠোর সমালোচনা করেন। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রতিবেদনটি দাখিল করেন এবং পড়ে শোনান। অপর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান।

মোতাহার হোসেন সাজু পরে সাংবাদিকদের বলেন, তদন্তকালে শিক্ষক শ্যামল কান্তিসহ ১১ জনের জবানবন্দি নেওয়া হয়। এসব জবানবন্দিসহ তদন্ত প্রতিবেদন ২ আগস্ট নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দাখিল করে পুলিশ। ৩ আগস্ট আদালত তা নথিভুক্ত করে আদেশ দেন। এ আদেশ ও জিডির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে এবং পড়ে শোনানো হয়েছে।

এম কে রহমান বলেন, সংবাদমাধ্যমে যা এসেছে, তা প্রতিবেদনে অস্বীকার করা হয়নি। তিনি বলেছেন, দাখিল করা প্রতিবেদনটি সার্বিক বিবেচনায় গ্রহণযোগ্য নয়।