নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পুলিশের প্রতিবেদন
ঘটনা আকস্মিক, শিক্ষক-সাংসদ দুজনেই পরিস্থিতির শিকার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনাটিকে আকস্মিক বলে উল্লেখ করা হয়েছে পুলিশের প্রতিবেদনে। এতে শিক্ষক শ্যামল কান্তির জবানবন্দি উদ্ধৃত করে বলা হয়েছে, জাতীয় পার্টির স্থানীয় সাংসদ এ কে এম সেলিম ওসমান এবং তিনি দুজনেই পরিস্থিতির শিকার।
শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বন্দর থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার জিডির এই প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি নিয়ে আদালত পরবর্তী আদেশের জন্য ১০ আগস্ট দিন ধার্য করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, শিক্ষক শ্যামল কান্তি ভক্তসহ ওই প্রতিষ্ঠানসংশ্লিষ্ট (বিদ্যালয়) কোনো ব্যক্তিরই কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। এমনকি ঘটনায় জড়িত করে কারও সম্পর্কে কেউ কোনো ধরনের জবানবন্দি বা বক্তব্যও দেননি। তাই এ বিষয়ে কারও বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩ মে শিক্ষক শ্যামল কান্তিকে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা-প্রতিবাদের ঝড় ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি ওঠে। মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সাংসদ সেলিম ওসমানের কঠোর সমালোচনা করেন। তবে সেলিম ওসমান শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রতিবেদনটি দাখিল করেন এবং পড়ে শোনান। অপর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান।
মোতাহার হোসেন সাজু পরে সাংবাদিকদের বলেন, তদন্তকালে শিক্ষক শ্যামল কান্তিসহ ১১ জনের জবানবন্দি নেওয়া হয়। এসব জবানবন্দিসহ তদন্ত প্রতিবেদন ২ আগস্ট নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দাখিল করে পুলিশ। ৩ আগস্ট আদালত তা নথিভুক্ত করে আদেশ দেন। এ আদেশ ও জিডির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে এবং পড়ে শোনানো হয়েছে।
এম কে রহমান বলেন, সংবাদমাধ্যমে যা এসেছে, তা প্রতিবেদনে অস্বীকার করা হয়নি। তিনি বলেছেন, দাখিল করা প্রতিবেদনটি সার্বিক বিবেচনায় গ্রহণযোগ্য নয়।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাংসদ সেলিম ওসমান ওই দিন ১৫.৪৫ (পৌনে চারটা) ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজিত জনতা প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিচারের দাবিতে আবার বিভিন্ন স্লোগান দিতে থাকে। তখন প্রধান শিক্ষককে জনগণের রোষানল থেকে রক্ষার জন্য তাদের দাবির পরিপ্রেক্ষিতে কান ধরে ওঠবস করার ঘটনাটি আকস্মিকভাবে ঘটে। শ্যামল কান্তি ভক্ত ও স্থানীয় সাংসদ সেলিম ওসমান দুজনই উদ্ভূত ঘটনায় পরিস্থিতির শিকার।
শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের বিচারের দাবির মধ্যেই তাঁকে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ। এর দুই দিনের মাথায় শিক্ষা মন্ত্রণালয় স্কুল কমিটির ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বলে, প্রধান শিক্ষক তাঁর পদে বহাল আছেন। নিয়মবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ায় স্কুল কমিটিও বাতিল করে মন্ত্রণালয়। চিকিৎসা শেষে গত ১০ জুলাই কর্মস্থলে যোগ দেন শ্যামল কান্তি ভক্ত।
শিক্ষক লাঞ্ছনার ঘটনা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন গত ১৮ মে আদালতের নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মহসীন রশিদ। সেদিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। সাংসদ সেলিম ওসমানসহ ওই ঘটনায় যাঁদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও জানতে চাওয়া হয়।
২৯ মে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন্দর থানার ওসির প্রতিবেদন আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। সেদিন আদালত ৮ জুনের মধ্যে স্থানীয় প্রশাসনের ‘সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ’ প্রতিবেদন দাখিল করতে বলেন। ৮ জুন জেলা প্রশাসক গৃহীত পদক্ষেপ সম্পর্কে নতুন করে প্রতিবেদন দেন। পুলিশ সুপার ও বন্দর থানার ওসি প্রতিবেদন দিতে ৬০ দিন সময় চাইলে ৯ জুন হাইকোর্ট শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় করা জিডির তদন্তের ফল হলফনামা আকারে দাখিল করতে পুলিশ সুপার ও বন্দর থানার ওসিকে নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ গতকাল আদালতে প্রতিবেদন দাখিল করে।
প্রতিবেদনে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এবং বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি, কমিটির সদস্য, অভিভাবক সদস্য, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান, কয়েকজন শিক্ষকসহ ১০ ব্যক্তির জবানবন্দিতে আসা তথ্যের বরাত দেওয়া হয়।