ঘটনা এখনো রহস্যাবৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আশকোনার হোটেলে পুলিশসহ দুই ব্যক্তির খুনের ঘটনা এখনো রহস্যাবৃত। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুুলিশ দাবি করছে, নিহত দুই ব্যক্তি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্পর্কের জটিলতা থেকেই প্রিয় বন্ধুকে খুন করে অপরজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।গত মঙ্গলবার সন্ধ্যায় শুভ হোটেলের ৬০৮ নম্বর কক্ষ থেকে পুলিশ কনস্টেবল আবদুর রহমান ও পেট্রলপাম্পের কর্মচারী শহীদুল হকের লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, নিহত শহীদুলের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে। শহীদুল দুটি বিয়ে করেছেন। এক স্ত্রীর বাড়ি চিরিরবন্দরেই, আরেক স্ত্রী পঞ্চগড়ের। শহীদুলের দুই স্ত্রীর সঙ্গে পুলিশ-সদস্য আবদুর রহমানের পরিচয় ছিল।পুলিশের ধারণা, এই পরিচয়ের সূত্র ধরেই আবদুর রহমানের সঙ্গে শহীদুলের সম্পর্কের ফাটল ধরে। তাই শহীদুল পরিকল্পিতভাবে আবদুর রহমানকে খুন করেন। পুলিশের এ ধারণার পক্ষে যুক্তি হচ্ছে, আবদুর রহমানের মৃতদেহে ছোরা ও হাতুড়ির আঘাতের চিহ্ন ছিল। আর শহীদুলের লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। ওই কক্ষ থেকে একটি হাতুড়ি, ছোরা ও বিষের বোতল উদ্ধার করা হয়েছে। তবে দুজনেরই পরনে শুধুই অন্তর্বাস ছিল। পুলিশ সূত্র জানিয়েছে, আবদুর রহমান মিরপুরের পুলিশ লাইনে থাকতেন। তিনি ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত নৈমিত্তিক ছুটিতে ছিলেন। আর শহীদুল সাভারে একটি পেট্রলপাম্পে চাকরি করতেন।