ঘটনা ঘটলেও তদন্ত কমিটি করেনি ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও এখনো নির্বাচনী তদন্ত কমিটি গঠিত হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনী অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তদন্তে যুগ্ম জেলা জজ ও সহকারী জজের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে।

নির্বাচনী আইনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অনধিক ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান আছে। রাজনৈতিক দলগুলো গত কয়েক দিনে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনলেও কোনো ঘটনারই তদন্ত হতে পারছে না। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম প্রথম আলোকে বলেন, এখনো তদন্ত কমিটির কাজ শুরু না হলেও আইনের লঙ্ঘন ঘটছে, তা বলা যায় না। এ কমিটি শিগগিরই কাজ শুরু করবে।

খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচন কমিশন ১৪ নভেম্বর ৩০০ আসনের জন্য ১২২টি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব আইন ও বিচার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এর অনুলিপি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকেও। নিম্ন ‘দেওয়ানি আদালতসমূহে ২০১৮ সালের ডিসেম্বরের ছুটি হওয়ার পূর্বে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে’ কমিটি গঠনের কথা ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রাহমান প্রথম আলোকে বলেন, ছুটি শুরু হবে ১ ডিসেম্বর। ওই চিঠিতে জরুরি ভিত্তিতে কমিটি গঠনের তাগিদ দেওয়ার পাশাপাশি কেন ছুটি শুরু হওয়ার আগে এবং হাইকোর্ট বিভাগের সঙ্গে কেন পরামর্শ করার কথা নির্দিষ্ট করেছে তার সদুত্তর কর্মকর্তাদের কাছে জানতে চাইলেও পাওয়া যায়নি।

১৪ নভেম্বরের চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ ক–এর বিধান অনুযায়ী, ‘নির্বাচনকালীন সময়ে নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের’ লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করার বিধান রয়েছে।

আচরণবিধির ছয় দফায় ‘নির্বাচনপূর্ব সময়’–এর সংজ্ঞায় বলা হয়েছে, নির্বাচনপূর্ব সময় অর্থ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন কিংবা কোনো শূন্য আসনে নির্বাচনের ক্ষেত্রে কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কাল।

অন্যদিকে একই বিধিমালার ১৭ বিধিতে ‘নির্বাচনপূর্ব অনিয়মের’ ব্যাখ্যায় বলা হয়েছে, আচরণ বিধিমালার যেকোনো বিধানের লঙ্ঘন ‘নির্বাচনপূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য হবে এবং ওই অনিয়মের দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার চেয়ে নির্বাচনী তদন্ত কমিটি বা কমিশন বরাবর দরখাস্ত পেশ করতে পারবে।

এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি কোনো ক্ষেত্রেই নিজেরা বিচার বা শাস্তি দিতে পারবে না। তারা কমিশনের কাছে সুপারিশ করবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন বলেন, আচরণবিধির লঙ্ঘন বিচার বিভাগীয় কমিটি দেখবে না, দেখবেন নির্বাহী হাকিমেরা এবং সেটা তাঁরা দেখছেন। তবে তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দুই নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম। তাঁরা বলেন, আচরণবিধির লঙ্ঘন দেখার দায়িত্ব বিচার বিভাগীয় নির্বাচনী তদন্ত কমিটির। আবার নির্বাহী হাকিমেরাও তা দেখতে পারবেন।

অপর এক প্রশ্নের জবাবে দুই নির্বাচন কমিশনার ও ইসি সচিব বলেন, মনোনয়ন কেনা নিয়ে শোডাউন বা অন্যবিধ যা ঘটেছে, তা আচরণবিধির আওতায় তদন্তযোগ্য নয়। কারণ, আচরণবিধিতে মননোয়নপত্র সংগ্রহের বিষয়ে কিছু বলা নেই। প্রার্থীদের বিষয়ে বলা আছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি প্রথম আলোকে বলেছেন, এটা ঠিক যে আচরণবিধিতে ফরম কেনার বিষয়টি নেই। কিন্তু আচরণবিধির শিরোনামে শুধু প্রার্থীর বিষয়ে নয়, রাজনৈতিক দলের কথাও বলা আছে। সুতরাং ফরম সংগ্রহ পর্বটি রাজনৈতিক দলের আচরণের মধ্যে পড়ে।

তদন্ত কমিটি প্রসঙ্গে জেসমিন টুলি বলেন, কমিটি কবে কাজ শুরু করবে, আইনে তা নির্দিষ্ট না থাকলেও কমিটির কাজ এখনো শুরু না হওয়ায় আইনের ‘পরোক্ষ লঙ্ঘন’ ঘটছে। তিনি ব্যাখ্যা দেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কারণে এই কমিটির কার্যক্রম আগে ততটা প্রাধান্য পায়নি। এবারের পরিস্থিতির কারণে একটা ভিন্নমাত্রা তৈরি হয়েছে।