ঘটনা ছিনতাইয়ের মামলা নেওয়া হলো চুরি ও প্রতারণার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁও এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনাকে প্রতারণা ও চুরির মামলা হিসেবে নথিভুক্ত করেছে শেরেবাংলা নগর থানার পুলিশ। গত সোমবার রাতে প্রথম আলোর কর্মী একরামুল হক এ ছিনতাইয়ের শিকার হন। জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, এটা ভুলবশত হয়ে গেছে। প্রয়োজনে এটা ঠিক করে দেওয়া হবে।ঘটনার শিকার একরামুল জানান, গত সোমবার রাত সোয়া একটার দিকে কারওয়ান বাজারের অফিস থেকে মোটরসাইকেলে তিনি মিরপুরের বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে তাঁর পিছু ধাওয়া করে আবহাওয়া দপ্তরের সামনে গিয়ে থামায়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেল, মোবাইল, সাত হাজার টাকা, পরিচয়পত্র ও মোটরসাইকেলের কাগজপত্র ছিনিয়ে নেয়।একরামুল জানান, মঙ্গলবার সকালে তিনি অফিসের প্যাডে লিখিত অভিযোগ নিয়ে থানায় যান। একজন পুলিশ কর্মকর্তা সেই অভিযোগটি না নিয়ে নিজের মতো করে লিখে তাঁকে সই করতে বলেন। তিনি সরল মনে তাতে সই দেন। গতকাল সকালে তিনি থানা থেকে এজাহারের কপি নিয়ে দেখেন, তাতে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার কথা থাকলেও ছিনতাইয়ের ধারায় মামলা নেয়নি পুলিশ।যোগাযোগ করা হলে পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ আলী মিয়া প্রথম আলোকে বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।