ঘটনা ছোটখাটো, নির্বাচন সুন্দর হয়েছে: ইসি
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেছেন, ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও বেশির ভাগ ক্ষেত্রে সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মোবারক।
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার বলেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দেশের মোট আটটি জেলার ১৩টি উপজেলার ২৬টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করতে হয়েছে। তবে তিনি আরও বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনার সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে ভোটকেন্দ্রের ভোট স্থগিত করা হতে পারে। তাই স্থগিত ভোটকেন্দ্রের হিসাব সর্বশেষ নয় বলে মন্তব্য করেন আবদুল মোবারক। তিনি বলেন, ‘এই সংখ্যা কমবে না। তবে বাড়তে পারে।’
বিভিন্ন জায়গায় নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আরও বলেন, ‘জীবন্ত লোকের শরীরে চুলকানি হতে পারে, মৃত লোকের নয়।’ তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, উপজেলা নির্বাচন দল বা মার্কাভিত্তিক নয়। দেশে রাজনৈতিক দল আছে। পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব থাকে। এ কারণে কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে সেসব জায়গার সংখ্যা কম।
যেসব কেন্দ্রে ভোট স্থগিত
অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মোট ১৩ উপজেলায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এগুলো হলো, চাঁদপুরের কচুয়া-৪, হাজীগঞ্জ-২, রাজশাহীর চারঘাট-১, ময়মনসিংহের মুক্তাগাছা-৩, কিশোরগঞ্জের কুলিয়ারচর-১, যশোরের মনিরামপুর-১৪, লক্ষ্মীপুরের কমলনগর-১, ফেনীর দাগনভূঞা-৩, কুমিল্লার নাঙ্গলকোট-৩, বরিশালের হিজলা-৩, ভোলা সদর-১, কুমিল্লার তিতাস-১ ও কুমিল্লার চৌদ্দগ্রাম-২।