ঘটনা তদন্ত কার্যক্রমে দুর্বলতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিল উইমেন্স ফেডারেশন কল্পনা চাকমা অপহরণকারীদের আসামি করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া, পাহাড়ি-বাঙালি সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, তিন অপহরণকারীসহ কল্পনা চাকমার অপহরণ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত বাঘাইছড়ি থানায় থাকা কল্পনা চাকমার অপহরণের আলামত সংরক্ষণের দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে অপহরণ ঘটনা তদন্তে গঠিত কমিশনের তদন্ত কার্যক্রমে পদ্ধতিগত দুর্বলতা, সাক্ষ্য গ্রহণে দুর্বলতা, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যকে গুরুত্ব না দেওয়া ও বিশেষ গোষ্ঠীর অপপ্রচারণায় প্ররোচিত হওয়ার অভিযোগ করা হয়। কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কণিকা দেওয়ান ও অপহূত কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা। এ সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহূত হন।