শিশুটি এখনো যন্ত্রণায় ছটফট করছে। দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর রাজশাহীতে কোনো চিকিৎসক তার অস্ত্রোপচার করতে সাহস করছেন না। ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর মতো সংগতিও নেই শিশুটির বাবার। ছোট্ট শিশুটির জীবন নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে ঘটনা তদন্তে রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ৮ আগস্ট প্রথম আলোর মহানগর পাতায় ‘যন্ত্রণায় ছটফট করছে শিশুটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় গতকাল বুধবার রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় থেকে ডেপুটি সিভিল সার্জন ফারহানা হককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন মেডিকেল কর্মকর্তা পলাশ কুমার ও সিভিল সার্জনের কার্যালয়ের প্রধান সহকারী আবদুর রাজ্জাক।
শিশুটির পায়ুপথ নেই। পেট দিয়ে পায়ুপথ তৈরি করতে দুই দফা অস্ত্রোপচার করা হয়। দুইবারই তা ব্যর্থ হয়। এখন পেট দিয়ে শিশুটির বৃহদন্ত্র খানিকটা বেরিয়ে এসেছে। দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর চেতনা না ফিরলে গরম সেঁক দিতে গিয়ে চিকিৎসকেরা শিশুটির শরীর পুড়িয়ে ফেলেছেন। পোড়া শরীর নিয়ে শিশুটি যন্ত্রণায় ছটফট করছে।