ঘটনা তদন্তে কমিটি গঠন শিক্ষকদের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ওই হলের প্রাধ্যক্ষের লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন ৩০১ জন শিক্ষক। গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে এসব শিক্ষক ওই বিবৃতি দেন। এদিকে প্রক্টর ও প্রাধ্যক্ষের লাঞ্ছিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিবৃতিতে শিক্ষকেরা বলেন, ‘ছাত্রলীগের নামে কিছু দুষ্কৃতকারী প্রক্টর মোহাম্মদ জাকারিয়া ও প্রাধ্যক্ষ মর্ত্তুজা খালেদের সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করেছে, তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে, এসব ছাত্র প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে কি না? তাদের অব্যাহত বেপরোয়া ও অনৈতিক কর্মকাণ্ড সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে।’ শিক্ষকেরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী, মোখলেসুর রহমান, রোস্তম আলী, মিজান উদ্দিন, আনন্দ কুমার সাহা, আবুল কাশেম, জালাল উদ্দিন, চৌধুরী সরওয়ার জাহান, শামসুদ্দিন ইলিয়াস, সোহরাব আলী, আনিসুর রহমান, চিত্তরঞ্জন মিশ্র, মলয় ভৌমিক, এস এম আবু বকর, আজিজুল ইসলাম, ফায়েক উজ্জামান প্রমুখ।এদিকে বুধবারের ঘটনায় গতকাল তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক ফায়েক উজ্জামান জানান, এই কমিটির আহ্বায়ক হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ আকতার ফারুক। অন্য সদস্যরা হলেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল লতিফ এবং গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক মাহবুবুর রহমান।