ঢাকার আশুলিয়ার আবাসিক হোটেল থেকে যৌনকর্মীসহ আটক হওয়া মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলের পক্ষ থেকেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।
আশুলিয়ার জামগড়া এলাকার ‘বাল্যবন্ধু’ আবাসিক হোটেল থেকে গত বুধবার রাতে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ ২২ যৌনকর্মীসহ ৬৪ জনকে আটক করে। তাঁদের মধ্যে আনোয়ার হোসেনও ছিলেন। পরে ওপর মহলের চাপ আর অর্থের বিনিময়ে পুলিশ আনোয়ারসহ তিনজনকে ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে।
এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, গতকাল শনিবার প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওই শিক্ষককে অপসারণের দাবি ওঠে শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে। দাবির পরিপ্রেক্ষিতে সকালে বৈঠকে বসেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা বলেন, ‘আনোয়ার হোসেন আমাদের দলের নেতা। এ ঘটনায় উপজেলা নেতাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’