ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মারজিয়া বেগম হাসপাতালের সামনে থেকে প্রসূতিকে নিজ বাসায় নিয়ে সন্তান প্রসব করানোর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার প্রথম আলোয় ‘হাসপাতাল থেকে নার্সের বাড়িতে নিয়ে সন্তান প্রসব, প্রসূতির মৃত্যু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফীকুল আলমের আদেশে হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক সামিনা সুলতানাকে প্রধান করে ও ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইফুল ইসলামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি হয়। কমিটির অন্য সদস্যরা হলেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার রওশন আরা বেগম ও সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী সরদার মাউসদ হাসান।
জানা গেছে, গত সোমবার বিকেলে মনোহরদী উপজেলার হাফিজপুর এলাকার কৃষক তারা মিয়ার স্ত্রী শিখা বেগমের প্রসব বেদনা উঠলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সামনে গেলে নার্স মারজিয়া বেগম কম খরচে স্বাভাবিক প্রসব করানোর কথা বলে শিখাকে নিজ বাসায় নিয়ে যান। সেদিন সন্ধ্যায় সেখানে প্রসব করানো হলে শিখার পুত্রসন্তান হয়। তখন তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তবু তাঁকে বাড়ির কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন মারজিয়া। একপর্যায়ে জেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিখাকে মৃত ঘোষণা করেন।
শফীকুল আলম বলেন, কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ঘটনার সত্যতা পেলে ওই নার্সের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।