ঘটনা দুঃখজনক, তদন্ত চলছে : আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে হামলা চালিয়ে জেএমবির তিন সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে ‘অনভিপ্রেত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’ এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।

আজ রোববার সকালে সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নতুন আঙ্গিকে নির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন ও আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় শেষে হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘দেশের জঙ্গিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।’ সম্প্রতি আল কায়েদার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘আল কায়েদার হুমকি মোকাবিলায় দেশের জনগণকে নিয়ে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।’

সিলেটে বিশ্বকাপ ভেন্যু পরিদর্শন করে আইজিপি বলেন, ‘বিশ্বকাপের ভেন্যুগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেট। এখানকার আইনশৃঙ্খলার প্রস্তুতি দেখে আমি খুবই সন্তুষ্ট। আমি আশা করি সিলেটে শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।’ খেলা শুরুর আগে আবারও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করা হবে বলে তিনি জানান।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মিজানুর রহমান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরীসহ পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।