ঘটনা ধামাচাপা দিতে 'ক্রসফায়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া জেএমবি সদস্য হাফেজ মাহমুদকে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনা পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সোমবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এই অভিযোগ করেন। প্রিজন ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেওয়া ও ক্রসফায়ারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারের কারামুক্তি উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গোটা বিষয়টা উদ্বেগজনক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা থাকা দরকার ছিল, তা ছিল না। এটি সরকারের চরম ব্যর্থতা। পরবর্তী সময়ে একজন আসামিকে ধরে আবার ক্রসফায়ারে দেওয়া হলো। এ ক্রসফায়ারের ফলে মানুুষের মনে অনেক প্রশ্ন জেগেছে, এর ভেতর কী লুকিয়ে ছিল? ক্রসফায়ার দেওয়া মানে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা।’ তিনি মনে করেন, ওই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক তথ্য পাওয়া যেত।
এক প্রশ্নের উত্তরে মিজা ফখরুল দাবি করেন, আওয়ামী লীগদলীয় সাবেক মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ‘আই ওয়াশ’। তিনি বলেন, ক্ষমতাসীনদের পর্বতসমান দুর্নীতি ভুলিয়ে দিতে দুদক তামাশা করছে।
রিজভীর সংবাদ সম্মেলন: বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপজেলা নির্বাচনের সময় জঙ্গি ইস্যুর মতো একটি ঘটনাকে যথেষ্ট ‘রহস্যজনক’ মনে হচ্ছে। তিনি অভিযোগ করেন, ২৭ ফেব্রুয়ারি যেসব উপজেলায় নির্বাচন হচ্ছে সেখানে ১৯ দল-সমর্থিত প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে।