ঘটনা ধামাচাপার চেষ্টার অভিযোগ অস্বীকার ইউপি সদস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিশু শেখ মো. সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার কথা অস্বীকার করেছেন মামলার অন্যতম সাক্ষী ও স্থানীয় টুকের বাজার ইউনিয়ন পরিষদের সদস্য গিয়াস উদ্দিন। গতকাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

ইউপি সদস্য গিয়াস উদ্দিন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে সাংবাদিকদের কাছে ঘটনার পর অভিযোগ করেছিলেন সামিউলের বাবা শেখ আজিজুর রহমান। মূল আসামিকে ধরতে গাফিলতির অভিযোগে বরখাস্ত হওয়া তিন পুলিশের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মাশরুর চৌধুরী প্রথম আলোকে জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গিয়াস উদ্দিনকে ‘বৈরী’ ঘোষণার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। কিন্তু গিয়াস উদ্দিন স্বতঃপ্রণোদিত হয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য দিতে গিয়ে গিয়াস ঘটনা ধামাচাপা দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, বলাৎকারের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় মামলার আসামি চৌকিদার ময়না মিয়া চুরির ঘটনা সাজিয়েছেন। পরে সামিউলকে পিটিয়ে হত্যা করা হয়।

পরে গিয়াস উদ্দিনের সাক্ষ্যের ব্যাপারে জানতে চাইলে সামিউলের বাবা শেখ আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, গিয়াস উদ্দিন মাত্র একজন আসামির কথা উপস্থাপন করে অন্য আসামিদের অপরাধকে ছোট করার চেষ্টা করেছেন। এ ছাড়া অভিযোগপত্রেও বলাৎকারের চেষ্টার কথা উল্লেখ নেই। এমনকি আদালতে জবানবন্দি দেওয়া আটজনের কেউই বলাৎকারের চেষ্টার কথা বলেননি। এ নতুন তথ্য উপস্থাপন করার পেছনে গিয়াস উদ্দিনের নিশ্চয় অন্য কারণ রয়েছে। গিয়াস আসামিদের পক্ষ নিয়ে সাক্ষীদের বিভ্রান্ত করছেন বলেও শুনেছি।