সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক নারীকে (২৪) ধর্ষণের পর ওই ঘটনা ধামচাপা দিতে ২০ হাজার টাকায় মিটমাটের চেষ্টাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন নারীনেত্রীরা। গতকাল শনিবার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে তাঁরা এ দাবি জানান।
বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরাম, জেলা জাতীয় মহিলা সংস্থার নেত্রীসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের ২৭ জন নারী জনপ্রতিনিধি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। গতকাল সুনামগঞ্জের এসপি মোহামঞ্চদ নজরুল হোসেন নির্যাতিতা ওই নারীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন।
১৩ সেপ্টেম্বর উপজেলার ফেনারবাক ইউনিয়নের ওই নারীকে টগার হাওরের চার পাহারাদার ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ফেনারবাকের ইউপি সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদারসহ কিছু লোক ওই নারীকে মামলা না করতে নানাভাবে চাপ দেন এবং ঘটনাটি ২০ হাজার টাকায় মিটমাট করার চেষ্টা করেন। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে ঘটনার পাঁচ দিন পর পুলিশ ওই নারীকে উদ্ধার করে এবং মামলা হয়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।
নারী সংগঠনের নেত্রীরা জেলা প্রশাসক মুহামঞ্চদ ইয়ামনি চৌধুরী কাছে অভিযোগ করেন, ধর্ষণের পর ওই নারীকে থানায় যেতে দেওয়া হয়নি। নানাভাবে সময়ক্ষেপণ করে ধর্ষণের আলামত নষ্ট করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ দায় এড়াতে পারে না। একইভাবে যাঁরা গণধর্ষণের মতো ঘটনা মিটমাটের চেষ্টা করেছেন, তাঁদেরও আইনের আওতায় আনতে হবে।