‘ঘটনা সত্য’ নাটকসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা
‘ঘটনা সত্য’ নাটকের শিল্পী, নির্মাতাসহ নাটকটি যে চ্যানেলে প্রচারিত হয়েছিল, তাঁদের সবার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের কয়েকটি সংগঠন। সেই সঙ্গে টেলিভিশনে টক শোতে দেশের ফুটবলকে ‘প্রতিবন্ধী ছেলের’ সঙ্গে তুলনায় করায় আলোচকের বিরুদ্ধেও পৃথক মামলা করা হবে বলে জানিয়েছে তারা। আজ মঙ্গলবার মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন উইমেন উইথ ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডব্লিউডিডিএফ) নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, মূল প্রবন্ধ পাঠ করেন প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি) সালমা মাহবুব। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম সিদ্দিকী এবং অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ন্যাশনাল কাউন্সিল অব ডিজঅ্যাবল উইমেনের সভাপতি নাসিমা আক্তার।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৩ জুলাই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ঘটনা সত্য’ নাটকটি প্রচার করা হয়। নাটকটি ইউটিউবেও আপলোড করা হয়। নাটকটিতে প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে মা–বাবার কান্নাকাটির মাধ্যমে ভীতিকর পারিবারিক ও সামাজিক চিত্র ফুটিয়ে তোলা হয়। ইউটিউবে নাটকটির প্রচারিত অংশে নেপথ্য কণ্ঠে প্রতিবন্ধিতাকে বলা হয়, ‘বাবা-মায়ের পাপের ফল’।
সংবাদ সম্মেলনে বলা হয়, একই চ্যানেলে প্রচারিত একটি টক শোতে দেশের ফুটবলের দুর্দশা বোঝাতে ‘প্রতিবন্ধী ছেলে’ উল্লেখ করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। আলোচকসহ অনুষ্ঠানটির বিরুদ্ধেও পৃথক মামলা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সায়েদুল হক প্রথম আলোকে বলেন, ‘ওই সময় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা চলছিল। আমি বলেছিলাম, নিজের ছেলেকে প্রতিবন্ধী রেখে আমরা বিদেশি ছেলেদের নিয়ে লাফালাফি করছি। বিদেশি ছেলে বলতে নেইমার ও মেসিকে বোঝাতে চেয়েছি। এখানে আমি নিজের ছেলে বলতে আমাদের দেশের ফুটবলকে শেষ করে দেওয়া বুঝিয়েছি। তারা আমার কথা না বুঝলে তাদের আবার টক শোটা দেখা উচিত যে কোন প্রেক্ষিতে আমি কী কথা বলেছি। এখানে প্রতিবন্ধীদের হেয় বা অসম্মান করার কোনো অভিপ্রায় ছিল না।’
ব্যারিস্টার সায়েদুল হক বলেন, ‘ঘটনা সত্য’ নাটকের বিরুদ্ধে তিনি নিজেও ফেইসবুক লাইভ করেছিলেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পক্ষে কেউ ওই নাটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইলে তিনি সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন।
‘ঘটনা সত্য’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। নাটকটি পরিচালনা করেন রুবেল হাসান। প্রতিবাদের মুখে ইতিমধ্যে নাটকের নির্মাতা ও শিল্পীরা ক্ষমা চেয়েছেন এবং নাটকটি ইউটিউব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর আইনি অধিকার লঙ্ঘন করায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩-এর ৩৭ (৪) ধারায় মামলা করা হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ৩৫০টি সংগঠন এই আইনি ব্যবস্থার পক্ষে সমর্থন জানিয়েছে। আইনের ওই ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি পাঠ্যপুস্তকসহ যেকোনো প্রকাশনা এবং গণমাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার করলে অনধিক তিন বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
মূল প্রবন্ধে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের যখন সমাজ ও রাষ্ট্র সমান সুযোগ দিতে কুণ্ঠা বোধ করে, তখন তাঁদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে ওঠেন মা–বাবা। প্রতিবন্ধী সন্তান ‘বাবা-মায়ের পাপের ফল’ সমাজের একাংশের মধ্যে এই ভুল ও অবৈজ্ঞানিক বিশ্বাস বিদ্যমান থাকায় প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের অভিভাবকেরা মানসিক নিপীড়নের শিকার হন। সেই ভুল ধারণা ও নিপীড়নকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে এই নাটক। এই ধারণা যে ঠিক নয়, নাটকটিতে সে সম্পর্কে কোনো বার্তা দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে আইনজীবী রেজাউল করিম সিদ্দিকী বলেন, তিনি নিজেও একজন প্রতিবন্ধী মানুষ। তিনি বাদী হয়ে মামলা দুটি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আদালতের কার্যক্রম স্বাভাবিক হলেই তিনি মামলা করবেন।