ঘটনা ১০০ বোতল ফেনসিডিল নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রাতে পুলিশ গিয়েছিল ছিনিয়ে নেওয়া ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে। তল্লাশি করেছিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বানুড়িয়ার কয়েকটি বাড়ি। উদ্ধার হয়নি কিছুই। ক্ষিপ্ত গ্রামবাসী পরদিন বিকেলে ৩৪ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দেন। এলাকাবাসীর ভাষ্যমতে, আনোয়ার হোসেন একজন মাদক ব্যবসায়ী। রোববার বিকেলে আনোয়ারের আটকের পর সন্ধ্যায় তাঁর মুক্তির দাবিতে থানার ভেতরে মিছিল করে যুবলীগ-ছাত্রলীগ। তারা পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। প্রায় দুই ঘণ্টা পর বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয়। আটক আনোয়ারকে গতকাল সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বানুড়িয়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, কালীগঞ্জ-চৌগাছা ভায়া বানুড়িয়া সড়ক দিয়ে প্রায়ই মাদকদ্রব্য আনা-নেওয়া করে মাদক ব্যবসায়ীরা। শনিবার তাদের গ্রামের ওপর দিয়ে পাচার করার সময় এক মাদক ব্যবসায়ীর ১০০ বোতল ফেনসিডিল খোয়া গেছে বলে মাদক ব্যবসায়ীরা প্রচার করে। গত শনিবার রাতে কালীগঞ্জ থানার পুলিশ ওই গ্রামের শহীদুল ইসলাম, আনসার আলী, জাহেদ আলী, মিকাইলসহ বেশ কয়েকজনের বাড়ি তল্লাশি করে কিছু পায়নি।তল্লাশির কারণে ক্ষিপ্ত গ্রামবাসী রোববার বিকেলে ৩৪ বোতল ফেনসিডিলসহ ইউপি সদস্য আনোয়ার হোসেনকে আটক করেন। পরে কালীগঞ্জ থানার দারোগা জমির হোসেন তাঁকে থানায় নিয়ে আসেন। রাতেই শতাধিক লোক তাঁর মুক্তির দাবিতে থানার অভ্যন্তরে বিক্ষোভ করে। তারা সেখানে যুবলীগ ও ছাত্রলীগের পক্ষে এবং জয়বাংলা স্লোগান দেয়। দীর্ঘ দুই ঘণ্টা থানা অভ্যন্তরে অবস্থান করার পর রাত সাড়ে নয়টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আনোয়ার হোসেনের সমর্থক বালিয়াডাঙ্গা গ্রামের মোমিনুর রহমান জানান, আনোয়ার মাদক ব্যবসা করেন না। তবে বানুড়িয়া গ্রামের লোকজন যে ১০০ বোতল ফেনসিডিল ছিনিয়ে নিয়েছে, সেই মাল উদ্ধার করতে গিয়েছিলেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে বানুড়িয়া গ্রামের লোকজন আনোয়ার হোসেনকে আটক করে ফেনসিডিল দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল জানান, যারা এই বিক্ষোভ করেছে তারা ছাত্রলীগের কেউ নয়। আনোয়ারের সমর্থকেরা এজাতীয় স্লোগান দিয়ে থাকতে পারে।