আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর আর ফিরে না আসার ঘটনাগুলোকে ‘গুম’ না বলে ‘অপহরণ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, গুম বলতে কোনো শব্দ নেই। যত অভিযোগ করা হচ্ছে, গুমের ঘটনা তত নয়।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে সম্মেলনের আয়োজন করে ‘মৌলিক অধিকার সুরক্ষা কমিটি’। এ নিয়ে সাংবাদিকেরা বক্তব্য জানতে চাইলে গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে কথা বলেন। রাতে একই বিষয় নিয়ে প্রথম আলোকেও তিনি একই ধরনের কথা বলেছেন।
তবে বিশিষ্ট আইনজীবী ও মৌলিক অধিকার সুরক্ষা কমিটির অন্যতম সমন্বয়ক শাহদীন মালিক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে অপহরণ করলে সেটাকে ‘গুম’ বোঝানো হয়। সাধারণ অপরাধীরা ধরে নিয়ে গেলে তা হয় অপহরণ। আন্তর্জাতিক গুম দিবসের অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেছেন, তাঁরা নিজের চোখে দেখেছেন যে তাঁদের পরিজনদের ডিবি বা রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন। তাই সেই ঘটনাগুলো গুম বলেই বিবেচিত হবে।
গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের আরও বলেন, ‘র্যাব সদস্যদের জড়িত থাকার যে অভিযোগ বারবার করা হচ্ছে, তা সঠিক নয়। কয়েকটি ঘটনার বিষয়ে আমি জানি যে নিজেরাই আত্মগোপনে থেকে গুমের গল্প বলছে। পরে তা পরিষ্কার হয়েছে, যখন সেই গুম হওয়া মানুষটি উদ্ধার হয়েছে।’ তিনি আরও বলেন, এটা ভুল ধারণা যে গুম হলেই র্যাবের নাম বলা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ‘ইসলামী ফ্রন্টের নেতা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের তদন্ত ভুল পথে যাক, তা চান না বলেই ধীরস্থিরভাবে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। ফারুকী হত্যাকাণ্ডের তদন্ত ভুল পথে চালাতে চাই না। এই হত্যাকাণ্ডের তদন্ত করে সঠিক জিনিসটা আমরা জনগণকে জানাতে চাই। গত ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথায়।’
ফারুকীর খুনিদের বিচারের দাবিতে রোববার সারা দেশে আধা বেলা হরতালও করেছে ইসলামী ফ্রন্টের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনা। হরতালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, কোনো হরতাল তো হচ্ছে না। সারা দেশে তাই কোনো গণ্ডগোলও নেই। প্রতিমন্ত্রী আরও বলেন, দুটি হত্যাকাণ্ড দুর্ভাগ্যক্রমে আমার নির্বাচনী এলাকায় ঘটেছে।
তিন খুনের তদন্তের অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘মামলার মূল আসামি কালাবাবু “নটোরিয়া”। আগেও এক আনসার হত্যায় জড়িত সে।’ পুলিশ আসামিদের খুঁজছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কালাবাবুসহ তার সাঙ্গপাঙ্গদের তছনছ করে দেওয়া হবে। এ ঘটনা “চাঁদাবাজির কারণে” ঘটেছে। ওই এলাকায় বস্তি ও রেলের জমিতে ওই ছেলেটি (কালাবাবু) চাঁদাবাজি করত।’
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্র বলেন, ‘ভারতে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব এ মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে। অপেক্ষা করেন। ভারতে নূর হোসেনের আইনি প্রক্রিয়া শেষ হোক।’