ঘটনার এক যুগ পর সাবেক সাংসদের বিরুদ্ধে মামলা
বরিশালের গৌরনদী উপজেলায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ এম জহির উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার এক যুগ পর উপজেলা কৃষক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন সরদার বাদী হয়ে গত রোববার রাতে গৌরনদী থানায় মামলাটি করেন। এজাহার সূত্রে জানা গেছে, ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর রাতে এম জহির উদ্দিন ও তাঁর সহযোগী সরিকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর হোসেনের নেতৃত্বে শতাধিক লোক অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় তাঁরা বাদীর বাড়ি থেকে এক লাখ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যান। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনার এক যুগ পর রোববার রাতে দেলোয়ার হোসেন বাদী হয়ে এম জহির উদ্দিন ও মঞ্জুর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।এক যুগ পর মামলা করার কারণ জানতে চাইলে বাদী মো. দেলোয়ার হোসেন বলেন, সে সময় মামলা করার মতো পরিবেশ ছিল না।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এম জহির উদ্দিন বলেন, ‘রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এবং আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল বিভিন্ন সময়ে মামলার আশ্রয় নিয়েছে। যার সর্বশেষ প্রমাণ এই মিথ্যা মামলা। জনসাধারণ এই মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করবে বলে আমি বিশ্বাস করি।’