বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে উচ্ছেদের শিকার ১৪টি হিন্দু পরিবারের সদস্যদের দেখতে গতকাল বৃহস্পতিবার সকালে সেখানে যান বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ঘটনার প্রায় দুই মাস পর সাংসদ সেখানে গেলেন।
গত ১২ মার্চ সন্ত্রাসীদের তাণ্ডবের মুখে ভিটা থেকে হিন্দু পরিবারগুলো উচ্ছেদ হয়। এরপর স্থানীয় সাংসদ গতকাল প্রথম গ্রামে আসেন।
পুনর্বাসন হওয়া হিন্দু পরিবারের সদস্যরা জানান, যুবলীগ নেতা জাকির সিকদার ও তাঁর বড় ভাই সালাম সিকদারের ভাড়াটে সন্ত্রাসী রশিদ আকনের নেতৃত্বে সন্ত্রাসীদের অব্যাহত নির্যাতনের শিকার চন্দনতলা গ্রামের ১৪টি হিন্দু পরিবার তাদের বসতভিটা ছেড়ে বরগুনা শহরে এসে আশ্রয় নেয়। পরে সন্ত্রাসীরা এসব পরিবারের ঘরদোর ও বাড়ির গাছপালা কেটে নিয়ে যায়। ২৩ মার্চ তালতলী থানার পুলিশ সন্ত্রাসী রশিদ আকনকে গ্রেপ্তার করে। পরে জেলা প্রশাসন গত ১১ এপ্রিল বসতঘর নির্মাণ করে ওই ১৪ পরিবারকে তাদের ভিটায় ফিরিয়ে নেয়। পরিবারগুলোর নিরাপত্তায় সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।