ঘটনার নিন্দা, জড়িতদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) মুহম্মদ মিজানউদ্দিনকে অপদস্থ ও তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে তারা।
১৫ এপ্রিল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী টেবিল চাপড়ে উপাচার্যকে শাসান। পরদিন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা ভিসির দপ্তরে উপস্থিত হয়ে বেশ কয়েকজন শিক্ষক ও উপাচার্যকে গালাগাল, হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত বৃহস্পতিবার রাতে সমিতির সাধারণ সম্পাদক মহা. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য দপ্তরে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও স্বায়ত্তশাসনের প্রতি চরম হুমকি।
প্রগতিশীল শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুনুর রশিদ তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ভিসির দপ্তরে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। উপাচার্যের সঙ্গে আচরণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যথাযথ সম্মান প্রদর্শন ও দায়িত্বশীল আচরণ করা সমীচীন।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি কে বি এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পরপর দুদিন সরকারদলীয় একজন সাংসদ ও মহানগর আওয়ামী লীগের নেতা কর্তৃক হুমকি ও লাঞ্ছনার ঘটনায় আমরা হতবাক হয়েছি। ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি গত বুধ ও বৃহস্পতিবারের ঘটনাকে ন্যক্কারজনক ও নজিরবিহীন উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্রমৈত্রী। গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তাব্যক্তিকে অপমান মূলত গোটা বিশ্ববিদ্যালয় তথা ছাত্র-শিক্ষক-কর্মচারীদের অপমানের পর্যায়ে পড়ে।
ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকের সঙ্গে বহিরাগতদের এ রকম ঘটনা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের চেতনার পরিপন্থী। এতে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ ধরনের ঘটনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম-বিধি মেনে সবকিছু হবে এটাই স্বাভাবিক। উপাচার্যের দপ্তরে এ ধরনের আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করাটা দুঃখজনক। এর পরও এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের মতো মর্যাদাকর প্রতিষ্ঠানের জন্য গ্রহণযোগ্য নয়।’
উপাচার্যের সঙ্গে সাংসদ ওমর ফারুক চৌধুরীর অসৌজন্যমূলক আচরণের ঘটনায় রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে উপাচার্য বা কোনো শিক্ষকের সঙ্গে এমন আচরণ করা গ্রহণযোগ্য নয়। একজন সংসদ সদস্যের এমন আচরণে আমি বিস্মিত হয়েছি। আর যেই মেডিকেল কলেজ নিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়েছে, সেই মেডিকেল কলেজ সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অনেকে এই মেডিকেল কলেজের সঙ্গে জামায়াত-শিবির এবং জঙ্গিদের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে থাকেন। বাস্তব ক্ষেত্রেও দেখা যায় এই মেডিকেল কলেজ-সংলগ্ন যেই বাইপাস রয়েছে, ওই বাইপাস সড়কে সাম্প্রতিক কালে রাজশাহীর সবচেয়ে বেশি নাশকতার ঘটনা ঘটেছে। শুধু এই শাহ মখদুম মেডিকেল কলেজই নয়, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশেও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ওই হাসপাতালের মধ্যে থেকে একাধিক জামায়াত-শিবির কর্মীকেও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।’