ঘটনার নেপথ্যে বিরোধ
নিউ কুর্মিটোলা বিহারি ক্যাম্প থেকে কাছের বস্তিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া এবং বিহারিদের সেখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনা সংঘর্ষের নেপথ্য কারণ। মিরপুর-বনানী উড়ালসড়ক-সংলগ্ল সড়কের পাশে ক্যাম্পটি অবস্থিত৷ গতকাল শনিবার ভোরে এখানে হামলা ও সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন৷
বিহারি ক্যাম্পের অধিবাসী ও বিহারি নেতারা অভিযোগ করে বলেছেন, পুলিশের সহযোগিতায় মিরপুর-১১ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর সমর্থকেরা এই হামলা চালায়। তাঁরা জানান, নিউ কুর্মিটোলা ক্যাম্প থেকে পাশের পূর্ব কুর্মিটোলা ক্যাম্প ও রাজি বস্তিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া নিয়ে কয়েক মাস ধরেই উত্তেজনা চলছিল। নিউ কুর্মিটোলা ক্যাম্পের উল্টো দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লটে বস্তি তুলে বাঙালি ও বিহারি মিলিয়ে প্রায় ৪০০ পরিবার থাকে। ১০ জুন ওই বস্তির বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় সূত্র জানায়, ১০ জুন রাত সাড়ে ১০টার দিকে বস্তিতে বিদ্যুৎ-সংযোগের দাবিতে বস্তিবাসীরা মিরপুর উড়ালসড়ক-সংলগ্ন সড়ক অবরোধ করেন। অবরোধ সরাতে পল্লবী থানা থেকে সাংসদ ইলিয়াস মোল্লাহর সহযোগিতা চাওয়া হয়। ১০ জুন রাত পৌনে ১১টায় সাংসদ ঘটনাস্থলে হাজির হন। তিনি সড়ক থেকে সরে যেতে বিহারি ও বস্তিবাসীদের নির্দেশ দেন।
কিন্তু অবরোধকারীরা বিদ্যুৎ-সংযোগ ছাড়া অবরোধ তুলবেন না বলে জানান। একপর্যায়ে তাঁরা ইলিয়াস মোল্লাহর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিহারিদের পক্ষ থেকে বলা হয়, ওই ক্যাম্প থেকে বিদ্যুৎ-সংযোগ দিলে ট্রান্সফরমার জ্বলে যাবে। তা ছাড়া, নতুন সংযোগ দিলে অতিরিক্ত বিল বিহারিদের দিতে হবে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎ-সংযোগ দেওয়া না-দেওয়া নিয়ে ইলিয়াস মোল্লাহর সঙ্গে আসা যুবলীগ কর্মীদের সঙ্গে বিহারিদের তর্কাতর্কি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাংসদ কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সভাপতি জালালউদ্দিনকে ফোন করে বস্তিতে বিদ্যুৎ-সংযোগ দিতে বলেন। এতে রাজি না হওয়ায় ইলিয়াস মোল্লাহ পুলিশকে আইনি ব্যবস্থা নিতে বলেন।
পরদিন ১১ জুন বিকেলে রাজি বস্তির কয়েকজন অধিবাসী জালালউদ্দিনসহ বিহারি নেতাদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে জালালউদ্দিন পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জিয়াউজ্জামান এ ঘটনা ও মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বিহারি নেতারা মনে করেন, সাংসদকে অপমান করার ঘটনার জের ধরেই গতকালের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
টেলিফোনে যোগাযোগ করা হলে সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ বিদ্যুৎ-সংযোগ নিয়ে বাগ্বিতণ্ডার কথা স্বীকার করেন৷ তিনি বলেন, ‘বিহারি ক্যাম্প থেকে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নির্দেশ দিলে কয়েকজন মহিলা আমার সঙ্গে দুর্ব্যবহার করে। আমি কোনো মহিলার সঙ্গে কথা বলি না৷ ভন্ডুকে (জালালউদ্দিন) আমি ফোন করে ঘটনাস্থলে আসতে বলেছিলাম। সে আসেনি, পরে আমার ফোনও ধরেনি। তাই পুলিশকে বলেছিলাম, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।’
হামলার ঘটনায় সাংসদের সমর্থক ও যুবলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে—এমন প্রশ্নের জবাবে ইলিয়াস মোল্লাহ বলেন, ‘সারা দেশে যুবলীগ যা-ই করুক না কেন, আমার এলাকার যুবলীগের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। তবে তদন্তে যদি কোনো যুবলীগ কর্মীর নাম পাওয়া যায়, তাহলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নিতে পুলিশকে বলব৷’
গতকাল সংঘর্ষ চলাকালে বিহারি ক্যাম্পের অধিবাসীদের সাংসদকে দায়ী করে স্লোগান দিতে দেখা যায়। সাংসদের সমর্থক যুবলীগ কর্মী ও রাজি বস্তির অধিবাসীরা পুলিশের সহযোগিতায় এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে তারা। বিকেলে ১০ জনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের সময়ও মাইকে স্থানীয় সাংসদের বিচার দাবি করা হয়।
এ ব্যাপারে ওয়েলফেয়ার বিহারি মিশনের সভাপতি মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ-সংযোগ নিয়ে হাতাহাতির পর বস্তিবাসীরা আমাদের হুমকি দেয়। এ ছাড়া, স্থানীয় প্রভাবশালীরা আমাদের ক্যাম্পে হাউজিং প্রকল্প করতে চায়। তাই আমাদের এখান থেকে উচ্ছেদ করতে এ হামলা হতে পারে।’
স্থানীয় লোকজন জানান, বনানী-মিরপুর উড়ালসড়ক নির্মাণের পর কালশী ও বিহারি ক্যাম্প এলাকার জমির দাম বেড়ে যায়। সম্প্রতি কালশী সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়কটি মেরামত হওয়ার পর জমির দাম আরও বাড়ে। স্থানীয় বিহারিদের দখলে থাকা জমিগুলো ইলিয়াস মোল্লাহর সমর্থকেরা দখলের চেষ্টা করছিল। ন্যাশনাল হাউজিংয়ের প্লটগুলো বিহারিদের কাছ থেকে দখলমুক্ত করার জন্য প্লট মালিকেরা যুবলীগ নেতাদের সহযোগিতা চাইছিলেন৷ এ নিয়ে ইলিয়াস মোল্লাহর সমর্থক ও বিহারি নেতাদের মধ্যে বিরোধ চলছিল।
এ ব্যাপারে স্ট্র্যানডেড পাকিস্তানিজ জেনারেল রিপেট্রিয়েশন কমিটির প্রধান আবদুল জব্বার খান প্রথম আলোকে বলেন, এ ঘটনা এক দিনে হয়নি। এক-দুই দিন হতে হতে আজকে এ অবস্থা হয়েছে। এর বড় কারণ হচ্ছে বিহারিদের উচ্ছেদ করা। কারা উচ্ছেদ করতে চায় জানতে চাইলে তিনি বলেন, ‘যাদের হাতে গুন্ডা-বদমাশ আছে। অ্যান্টি সোশ্যাল অ্যালিমেন্ট আছে। তারাই এ উচ্ছেদ চাইছে।’