ঘটনার প্রতিবাদে বিক্ষোভ, জড়িত সন্দেহে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে হাতিখানা কবরস্থানে প্রতীকী কারবালার খাদেমকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার সকালে পাপ্পু ওরফে কাল্লার (২৬) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। এদিকে খাদেম হত্যাচেষ্টার প্রতিবাদে বাদ জুমা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈয়দপুর শাখা বিক্ষোভ মিছিল করেছে।
গত বৃহস্পতিবার মাগরিবের নামাজ আদায়কালে খাদেম হাসনাইনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে আঘাত করে। প্রথমে তাঁকে পুলিশ ও ফায়ার সার্ভিস সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক তোফায়েল আহমেদ বলেন, হাসনাইনের শরীরের ক্ষত স্থানে ৫৩টি সেলাই দিতে হয়েছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈয়দপুর শাখার বিলুপ্ত কমিটির সভাপতি আবদুস সাত্তার বলেন, খাদেমের মতাদর্শের পরিপন্থী উগ্রবাদীরা এ ঘটনা ঘটিয়েছে।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে মামলা করা হয়েছে। গতকাল সকালে পাপ্পুকে আটক করা হয়।
হাতিখানা কবরস্থান এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কারবালা এলাকায় মাদকসেবীদের আসর বসত। এতে বাধা হয়ে দাঁড়ান খাদেম মোহাম্মদ হাসনাইন। মাদকসেবীরা তাঁকে হত্যার চেষ্টা করে থাকতে পারে।