চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কানসাট বিদ্যুৎ উপকেন্দ্রসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবির তাণ্ডব চালায় ২৮ ফেব্রুয়ারি। ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত এলাকায় ক্ষমতাসীন ১৪ দলের কোনো তৎপরতা দেখা যায়নি। ১৬ দিন পর গতকাল শনিবার তারা ওই ঘটনার প্রতিবাদে জনসভা করেছে।কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ মাঠে গতকাল বিকেলে এই জনসভা হয়। এতে বক্তারা ১৬ দিন ধরে শিবগঞ্জের ১৫টি ইউনিয়নের মানুষকে বিদ্যুৎবিহীন করে রাখার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও প্রতিহত করতে তাঁরা ১৪ দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান।জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহামঞ্চদ এনামুল হক জনসভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, বিদ্যুৎ উপকেন্দ্র পোড়ানোর জন্য দায়ী জামায়াত-শিবিরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। তিনি যত দ্রুত সম্ভব কানসাটে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রতিশ্রুতি দেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, বিএনপি ও জামায়াত-শিবির চক্র দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। তাদের কর্মকাণ্ড জনগণের বিরুদ্ধে।জনসভায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহীর চারঘাট-বাঘা আসনের সাংসদ শাহরিয়ার আলম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মণ্ডল, জাসদের কেন্দ্রীয় নেতা আবদুল আওয়াল প্রমুখ।