
খুলনার শিশু রাকিব (১২) হত্যা মামলায় গতকাল মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নাবিল হাসান ওরফে ফাহিমসহ (১০) ছয়জন সাক্ষ্য দেন। এ নিয়ে তিন দিনে মামলায় ৪০ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার আরও ১২ জনের সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটা থেকে তিনটা পর্যন্ত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এঁদের মধ্যে নাবিল হাসান ছাড়াও ছিলেন সরোয়ার হোসেন, কামরুল মোল্লা, সুমন হাওলাদার, নূর আলম শেখ, মো. সেলিম।
আদালতে নাবিল হাসান (১০) বলে, ঘটনার দিন সে শরীফ মোটরসের পাশ দিয়ে যাচ্ছিল। রাকিব মুক্তা এন্টারপ্রাইজ থেকে রং কিনে সাইকেল নিয়ে শরীফ মোটরসের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় তার সাইকেল থামিয়ে মিন্টু পাঁজাকোলা করে রাকিবকে দোকানের মধ্যে নিয়ে যান। রাকিবের সাইকেলটা পড়ে গেলে সে (নাবিল) সাইকেলটা নিয়ে দোকানের কাছে যায়। গিয়ে দেখে, মিন্টু রাকিবের মলদ্বারে পাইপ ঢোকায় এবং শরীফ মেশিন চালু করে দেন। রাকিব যখন চিৎকার করছিল, তখন তাঁরা দোকানের শাটার টেনে দেন। এ সময় রাকিব বমি করছিল। অবস্থা খারাপ দেখে ওই দুজন রাকিবকে পাশের ক্লিনিকে নিয়ে যান। পরে লোকজন এসে জড়ো হলে সে বাড়ি চলে যায়। পরের দিন সকালে শোনে রাকিব মারা গেছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, সাক্ষ্যগ্রহণকালে তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষীরা তাঁদের শনাক্ত করেন। কাল (বুধবার) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চিকিৎসকসহ ১২ জনের সাক্ষ্য দেওয়ার কথা।
গত ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের একটি মোটরসাইকেলের গ্যারেজে নির্যাতন করে রাকিবকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মোটরসের মালিক শরীফ, তাঁর সহযোগী মিন্টু এবং শরীফের মা বিউটি বেগমকে ক্ষুব্ধ জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরদিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা করেন।