ঘটনার বস্তুনিষ্ঠ উপস্থাপন গণমাধ্যমের দায়িত্ব: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের আয়না হলো গণমাধ্যম। তাই দেশে যা ঘটে, তাঁর বস্তুনিষ্ঠ উপস্থাপন করা গণমাধ্যমের দায়িত্ব। কারণ গণমাধ্যমই পারে একটি দেশকে খাঁটি করে গড়ে তুলতে।

গতকাল বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘এমসিজে উৎসবে’ এসব কথা বলেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ উৎসবের আয়োজন করে। ২০১২-১৩ শিক্ষাবর্ষের নবীনদের বরণ করে নিতে এ উৎসবের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী কর্মস্থলে নারীদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) ‘তেঁতুল হুজুর’ আছে। তেঁতুল হুজুররূপী এই কর্মকর্তাদের সঙ্গে নারী খবর পাঠকেরা হাসিমুখে কথা না বললে তাঁদের খবর পড়তে দেওয়া হয় না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন লেখার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, একটি গণতান্ত্রিক দেশ গড়তে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, সাহিত্য-সংস্কৃতি ছাড়া ভালো মানুষ হওয়া সম্ভব না। তাই দেশের কল্যাণে তরুণ প্রজন্মকে সংস্কৃতিচর্চায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ সভাপতিত্ব করেন।