পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ঘটনার বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল দ্বিতীয় দিনের মতো যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনা প্রথম থেকে পঞ্চম অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, একাত্তরের ১০ ডিসেম্বর দিবাগত রাতে দৈনিক ইত্তেফাক-এর কার্যনির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেন, ১১ ডিসেম্বর ভোরে পিপিআইয়ের (পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল) প্রধান প্রতিবেদক সৈয়দ নাজমুল হক, দৈনিক পূর্বদেশ-এর প্রধান প্রতিবেদক এ এন এম গোলাম মোস্তফা, ১২ ডিসেম্বর দুপুরে বিবিসির সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ এবং ১৩ ডিসেম্বর শিলালিপির সম্পাদক সেলিনা পারভীনকে অপহরণ করা হয়। মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের নির্দেশে ও তাঁদের অংশগ্রহণে আলবদরের সদস্যরা ওই বুদ্ধিজীবীদের অপহরণের পর হত্যা করে। তাঁদের মধ্যে সেলিনা পারভীন ছাড়া আর কারও লাশ খুঁজে পাওয়া যায়নি। এসব অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষী সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূর, সৈয়দ নাজমুল হকের ছেলে সৈয়দ মর্তুজা নাজমুল ও ভাই গোলাম রহমান, আ ন ম গোলাম মোস্তফার ছেলে অনির্বাণ মোস্তফা, সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ, রায়েরবাজার বধ্যভূমি থেকে একমাত্র জীবিত ফিরে আসা ব্যক্তি দেলোয়ার হোসেন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্যে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে।
সাহিদুর রহমান আরও বলেন, মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনা সপ্তম থেকে একাদশ অভিযোগ অনুসারে, একাত্তরের ১৪ ডিসেম্বর অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক মুনীর চৌধুরী ও দৈনিক সংবাদ-এর যুগ্ম সম্পাদক শহীদুল্লা কায়সারকে অপহরণ করা হয়। তাঁদের কারও লাশ পাওয়া যায়নি। এ ছাড়া একাত্তরের ১৫ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল মেডিসিন ও কার্ডিওলজির অধ্যাপক মো. ফজলে রাব্বী এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. আলীম চৌধুরীকে অপহরণ করা হয়। রায়েরবাজার বধ্যভূমিতে এই দুই চিকিৎসকের লাশ পাওয়া যায়।
কৌঁসুলি বলেন, এ অভিযোগগুলোর পক্ষে সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, রায়েরবাজার বধ্যভূমি থেকে জীবিত ফিরে আসা দেলোয়ার হোসেন, শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সার, মোফাজ্জল হায়দার চৌধুরীর ভাতিজা ইফতেখার হায়দার চৌধুরী, মুনীর চৌধুরীর ছোট ছেলে আসিফ মুনীর, ফজলে রাব্বীর মেয়ে নুসরাত রাব্বী, আলীম চৌধুরীর মেয়ে ফারজানা চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। পরে আইনগত বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।