বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ঘটনার বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে। আইনগত বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল তৃতীয় দিনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ১২ থেকে ১৭তম অভিযোগের বিষয়ে যুক্তি দেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
যুক্তিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, আলীমের বিরুদ্ধে আনা ১২তম অভিযোগ (একাত্তরের ২৪ জুলাই আলীমের নির্দেশে আবুল কাশেমকে হত্যা) বিষয়ে রাষ্ট্রপক্ষের ১২ ও ১৩তম সাক্ষীর দেওয়া সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। ১৩তম অভিযোগের (একাত্তরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আলীমের নির্দেশে ১১ জন যুবককে হত্যা) সপক্ষে রাষ্ট্রপক্ষের ২০ ও ২১তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্যে এই অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
১৪তম অভিযোগের বিষয়ে রানা দাশগুপ্ত বলেন, এই অভিযোগের (পাহাড়পুরে আহত মুক্তিযোদ্ধা ফজলুল করিমসহ তিনজনকে আলীমের নির্দেশে হত্যা) পক্ষে রাষ্ট্রপক্ষের দ্বিতীয়, চতুর্থ ও ২৩তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষীদের সাক্ষ্যে ঘটনাটি প্রমাণিত হয়েছে। ১৫ ও ১৬তম অভিযোগের (জয়পুরহাট চিনিকলে স্থাপিত সেনাক্যাম্পে ২৫ জনকে হত্যা ও দুজনকে আটক রাখা) বিষয়ে কৌঁসুলি বলেন, রাষ্ট্রপক্ষের পঞ্চম ও ষষ্ঠ সাক্ষী এ অভিযোগের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হয়েছে।
১৭তম অর্থাৎ শেষ অভিযোগের (ইস্ট পাকিস্তান রাইফেলসের সুবেদার মেজর জব্বল হোসেন হত্যা) বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, রাষ্ট্রপক্ষের সপ্তম ও অষ্টম সাক্ষীর সাক্ষ্যে এই অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
রানা দাশগুপ্ত ঘটনার বিষয়ে যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের কয়েকটি প্রশ্নের জবাব দেন। পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপনের জন্য আজ দিন ধার্য করেন।