জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ ঘটনার বিষয়ে যুক্তি উপস্থাপন গতকাল বুধবার শেষ করেছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রাষ্ট্রপক্ষের আইনগত যুক্তি উপস্থাপনের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান ও তুরিন আফরোজ গতকাল মুজাহিদের বিরুদ্ধে আনীত ৪, ৫, ৬ ও ৭ নম্বর অভিযোগের বিষয়ে যুক্তি দেন।
পঞ্চম অভিযোগের বিষয়ে মোকলেছুর রহমান বলেন, একাত্তরের ৩০ আগস্ট রাতে মতিউর রহমান নিজামীকে সঙ্গে নিয়ে মুজাহিদ নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেলে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে যান। সেখানে আটক সুরকার আলতাফ মাহমুদ, বদি, রুমী, জুয়েল, আজাদকে দেখে তাঁরা গালিগালাজ করেন। মুজাহিদ একজন পাকিস্তানি ক্যাপ্টেনকে বলেন, রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আগে এঁদের মেরে ফেলতে হবে। ওই সিদ্ধান্ত অনুসারে মুজাহিদ তাঁর সঙ্গীদের সহযোগিতায় তাঁদের অমানবিক নির্যাতন করে হত্যা করেন। এটি রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী জহির উদ্দিন জালাল দেখেছেন। এ ছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্যেও এটি নিশ্চিত হওয়া গেছে।
সপ্তম ও শেষ অভিযোগের বিষয়ে মোকলেছুর রহমান বলেন, একাত্তরের ১৩ মে রাজাকার কালু বিহারি, ওহাব, জালাল ও অন্যদের সঙ্গে মুজাহিদ জিপে করে ফরিদপুরের কোতোয়ালি থানার খলিলপুর বাজারে শান্তি কমিটির কার্যালয়ে যান। সেখানে সভার পর মুজাহিদ সঙ্গীদের নিয়ে হিন্দু অধ্যুষিত বাকচর গ্রামে হামলা চালান। এটি রাষ্ট্রপক্ষের ১২ ও ১৩তম সাক্ষীর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।
পরে চতুর্থ অভিযোগের বিষয়ে যুক্তি দেন তুরিন আফরোজ। তিনি মুজাহিদের বিরুদ্ধে ব্যক্তিগত এবং যৌথ অপরাধের দায় নিয়ে যুক্তি দেন।