ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে পোশাক কারখানার এক শ্রমিককে অপহরণের পর মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী সিআইখোলা এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এই দাবি জানান।বক্তাদের অভিযোগ, গত বুধবার রাতে ইপিজেডের ইপিক গার্মেন্টসের সুইং বিভাগের শ্রমিক ফিরোজ সিকদারকে অপহরণ ও মারধরের ঘটনার সঙ্গে কারখানার মালিকপক্ষ জড়িত। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের কথা বলাতেই ফিরোজকে অপহরণ ও মারধর করেছে সন্ত্রাসীরা। গ্রেপ্তার হওয়া তিন সন্ত্রাসী পুলিশের কাছে তা স্বীকার করেছে। বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা হুমকি দেন।সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, শ্রমিকনেতা মোহাম্মদ জুয়েল রানা, আবদুল্লাহ মামুন, শ্রমিক আমিনুল রশিদ, করিম মিয়া, ফিরোজ সিকদার, লুৎফা বেগম প্রমুখ।সমাবেশ শেষে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন।