ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে উন্মেষ সাংস্কৃতিক সংসদের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় বিভিন্ন সংগঠন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি হাফিজুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ন্যাপের জেলা সভাপতি আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি জাহিদুল হক, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি প্রদীপ ঘোষ, সাংস্কৃতিক সংগঠন ‘সমমনা’র সাবেক সভাপতি মলয় চন্দ্র দাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন প্রমুখ।
জাহিদুল হক বলেন, ষাটের দশকে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকার ব্যর্থ হয়েছিল। সেই গোষ্ঠীর রেখে যাওয়া প্রেতাত্মারা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
প্রদীপ ঘোষ বলেন, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে যদি কেউ স্বাধীন দেশে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে হামলা চালায়, তাহলে তো সবার সন্দেহ থাকে তারা কোন বঙ্গবন্ধুর রাজনীতি করছে? তিনি এ ঘটনায় জড়িত ছাত্রলীগের ক্যাডারদের বিচারের আওতায় আনার দাবি জানান।
নিখিল দাস বলেন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদের বক্তব্যতেই প্রমাণ হয় এই ঘটনা তারা ঘটিয়েছে, কিন্তু সদর থানার ওসি বলেন, কিছুই হয়নি।
১০ মে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মেষ সাংস্কৃতিক সংসদের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান ছাত্রলীগের ক্যাডাররা হামলা চালিয়ে পণ্ড করে দেয়।