ঘটনার ৫৩ দিন পর মামলা নিল পুলিশ
অবশেষে যৌন হয়রানির ঘটনার ৫৩ দিন পর ছয় বখাটের নামে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে গতকাল রোববার দুপুরে এই মামলা হয়।জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছালেহ উদ্দিন বলেন, ‘প্রথম আলোর মাধ্যমে ঘটনাটি জানার পর আমি নিজেই খোঁজখবর রাখছি। যৌন হয়রানিকারীদের বিরুদ্ধে মামলা নেওয়াসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে।’মামলা নেওয়ার আগে শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনজুমান আরা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ যৌন হয়রানির শিকার ছাত্রীদের আলমডাঙ্গায় ডাকেন। কর্মকর্তারা বিস্তারিত ঘটনা শোনেন ও আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।নির্যাতিত চার ছাত্রীর অভিভাবকদের পক্ষে এক ছাত্রীর চাচা আলমডাঙ্গা উপজেলার ডামোশ গ্রামের সাদ আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় একই উপজেলার বেলগাছি গ্রামের আহার আলীর ছেলে তরিকুল (২০), ছাত্তার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪), জামাল উদ্দিনের ছেলে মনজু (২২), শুকুর আলীর ছেলে আনু (২১), নবে মণ্ডলের ছেলে আমির (২২) ও তুফান আলীর ছেলে লিটনকে (২০) আসামি করা হয়েছে।প্রথম আলোয় গত বছরের ১১ ডিসেম্বর ‘যৌন হয়রানির প্রতিবাদ করে পালিয়ে বেড়াচ্ছেন অভিভাবকেরা’ ও চলতি বছরের ১৯ জানুয়ারি ‘যৌন হয়রানির প্রতিবাদ করে আসামি, সেই ছয় অভিভাবকের বিরুদ্ধে অভিযোগপত্র’ শিরোনামে খবর প্রকাশিত হয়।আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক জানান, মামলার সূত্র ধরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও আনজুমান আরা বলেন, ‘২৮ নভেম্বরে স্কুলছাত্রীদের যৌন হয়রানির ঘটনার দিন অভিভাবকেরা এক বখাটেকে মারধর করেছিল। সেদিনের ঘটনায় অভিভাবকেরা কোনো মামলা না করলেও প্রতিপক্ষের লোকজন তাঁদের বিরুদ্ধে মামলা করেন। প্রশাসন প্রকৃত বিষয়টি জানার পর ছাত্রীদের স্বজনদের দিয়ে মামলা করার উদ্যোগ নিয়েছি।’