জাপানি নাগরিক কুনিও হোশির হত্যাকাণ্ডের স্থান থেকে গতকাল রোববার দুপুরে একটি গুলির অগ্রভাগের অংশ উদ্ধার করা হয়েছে। গ্রাউন্ড সোর্স মাইন মেটাল ডিটেক্টরের মাধ্যমে মাটির দেড় ইঞ্চি গভীর থেকে এটি উদ্ধার করে পুলিশ। এর আগে হত্যাকাণ্ডের দিন সেখান থেকে তিনটি গুলির খোসা উদ্ধার হয়েছিল। জেলা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে দুই সদস্যের জাপানি প্রতিনিধিদল গতকাল দুপুরে রংপুরের জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছে। পরে জেলা প্রশাসক রাহাত আনোয়ার সাংবাদিকদের জানান, তাঁরা (জাপানি দল) এসেছিলেন এ হত্যাকাণ্ডের তদন্তসহ অন্যান্য বিষয়ে সহযোগিতার জন্য। তাঁদের সর্বাত্মক সহযোগিতার কথা বলা হয়েছে। তবে কুনিওর মরদেহ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
৩ অক্টোবর কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিককে যে স্থানে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে, ওই স্থানটি এখনো ঘিরে রাখা হয়েছে।
পুলিশ জানায়, এ মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ দুজনের মধ্যে কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরা পুলিশের হেফাজতে এখনো রিমান্ডে রয়েছেন। ৫ অক্টোবর সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। অন্যজন মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লবকে একই দিন ১০ দিনের রিমান্ডে নেওয়া হলেও গত শনিবার তাঁর রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পাবনা থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা সুইট হোসেনকেও গতকাল রোববার ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে থাকা কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালা, কুনিওকে পরিবহন করা রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে এখনো ছেড়ে দেওয়া হয়নি।