রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল (বিএসইসি) ভবনে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পৃথক দুটি কমিটি। গতকাল শনিবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও বিএসইসি ভবন কর্তৃপক্ষ পৃথক দুটি কমিটি গঠন করে। প্রতিটি কমিটিতে পাঁচজন করে সদস্য আছেন। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে নিজ নিজ কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।
গত শুক্রবার বিএসইসি ভবনের ১১ তলায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ওই তলায় থাকা আমার দেশ পত্রিকার কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের আরও দুটি প্রতিষ্ঠান। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বৈদ্যুতিক গোলযোগে আগুনের সূত্রপাত বলে ধারণা করে। তবে আমার দেশ কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘রহস্যজনক’ বলে দাবি করে। একই দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ গতকাল রাতে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানতে চাইলে গতকাল ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান সংস্থাটির উপপরিচালক (প্রশাসন) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনার দিন কারা কারা ওই তলায় উপস্থিত ছিলেন তাঁদের নাম-ঠিকানা সংগ্রহ করেছি। আগামীকাল (আজ) তাঁদের সাক্ষ্য নেওয়া হবে। আমরা পুরো ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেছি। কয়েকটি জায়গার ছবি তুলেছি ও ভিডিওচিত্র ধারণ করেছি। আমাদের কাজ আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে এখন কিছু বলতে পারছি না।’
এদিকে বিএসইসি ভবনের সচিব মাসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের তদন্ত কমিটিও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরাও ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছি।’
আমার দেশ কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি রহস্যজনক। এ বিষয়ে জানতে চাইলে মাসুদ আহমেদ বলেন, ‘ঘটনার পর আমার দেশ কর্তৃপক্ষের কেউই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ফোন পর্যন্ত করেনি। এতে আমরা অবাক হয়েছি। তারা আমাদের কিছুই জানায়নি। এখন আপনাদের কী বলেছে সে ব্যাপারে তো আমি কোনো মন্তব্য করতে পারব না।’
গতকাল বেলা তিনটার দিকে ওই ভবনে গিয়ে দেখা যায়, এখনো পানিতে সয়লাব ১১ তলা। পুড়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র পড়ে পুরো মেঝে কালো হয়ে গেছে। এখানে-সেখানে পড়ে আছে কার্যালয়ের পুড়ে যাওয়া বিভিন্ন আসবাবপত্র। কার্যালয়টির পাশে আইনজীবী তানজীব-উল আলমের চেম্বারটির কিছু অংশ আগুনে পুড়ে গেছে। ধোঁয়া ও আগুনের স্পর্শের কারণে তাঁর পুরো চেম্বারটি ধূসর দেখাচ্ছিল। মেঝেতে পানি। চেম্বারে আসা কয়েকজন কর্মকর্তা বলেন, কাজ করার মতো পরিবেশ নেই। চেম্বারের কিছু অংশ পুড়লেও অক্ষত আছে বইপত্রসহ বিভিন্ন সরঞ্জাম। কিন্তু সবকিছুই ধুলা-ময়লায় ঢেকে গেছে।