ঘটনাস্থল পরিদর্শন জেলা প্রশাসনের তদন্ত কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শুভকরদীতে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় কমিটির সদস্য বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব, উপজেলার প্রকৌশলী রাজি উল্লাহ, সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার উপস্থিত ছিলেন। তাঁরা মারা যাওয়া তিনজনের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পরে তদন্ত কমিটি ঘটনাস্থল থেকে একটি গামছা ও একটি তারের টুকরা আলামত হিসেবে উদ্ধার করে।
তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও মৌসুমী হাবিব বিদ্যুৎস্পৃষ্টে আহত ববিতা রাণীকে চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা দেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদা মারা যাওয়া তৃষ্ণা রাণী ঘোষের সাত মাসের শিশুপুত্র সূর্য চন্দ্র ঘোষের জন্য দুই হাজার টাকা দেন।