ইব্রাহিম হত্যা মামলা তদন্তের শুরুতে গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডির কর্মকর্তারা। একই দিন তাঁরা নিহতের স্ত্রী রীনা ইসলামের সঙ্গেও কথা বলেন।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার খন্দকার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, গতকাল তাঁরা সংসদ ভবন চত্বরে মামলায় উল্লিখিত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া গতকাল নিহত ইব্রাহিমের স্ত্রী রীনা ইসলামের সঙ্গে কথা বলেন তদন্ত কর্মকর্তা। ইব্রাহিমের অন্য স্বজনদেরও বক্তব্য নেওয়া হবে বলে তদন্ত কর্মকর্তা জানান।রীনা ইসলাম প্রথম আলোকে বলেন, সিআইডি কর্মকর্তাদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর কথা হয়েছে। কর্মকর্তারা তাঁকে ধৈর্য ধরতে বলেছেন।তদন্তসংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, তদন্ত কর্মকর্তারা আগে খুনের ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত হতে চান। সংসদ ভবনের যে জায়গায় ইব্রাহিম খুন হয়েছিলেন বলে বলা হচ্ছে, সে জায়গাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা থাকে। তাই এ সুরক্ষিত জায়গায় গুলিবিদ্ধ হওয়া এবং সবার নজর এড়িয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে যাওয়ার বাস্তবতা রয়েছে কি না, তা মিলিয়ে দেখা হচ্ছে।