ঘটনাস্থলে ইউসুফ, আরও তথ্য পাওয়ার দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সুড়ঙ্গপথে সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনার প্রধান হোতা ইউসুফ মুন্সী ওরফে হাবিব ওরফে সোহেল রানাকে গতকাল শুক্রবার ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে থানায় এনে জিজ্ঞাসবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ইউসুফের কাছ থেকে আরও অনেক তথ্য পাওয়া গেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল মালেক গতকাল ইউসুফ মুন্সীকে নিয়ে ঘটনাস্থল কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখায় যান। সেখানে সুড়ঙ্গপথ, ব্যাংকের ভল্ট ও ইউসুফের বাসস্থান ঘুরে দেখেন। পরে ইউসুফকে থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি আবদুল মালেক জানান, ইউসুফকে জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এসব বিষয় এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, ইউসুফের পক্ষে একা সুড়ঙ্গপথ তৈরি আদৌ সম্ভব কি না তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ সুড়ঙ্গ তৈরিতে প্রচুর কাঠ, বাঁশ, হাতুড়িসহ বিভিন্ন নির্মাণ যন্ত্রাদি ব্যবহার করা হয়। কোনো সংঘবদ্ধ চক্র হয়তো এর সঙ্গে জড়িত থাকতে পারে। তবে ইউসুফ জানিয়েছেন, মুন্সী সুড়ঙ্গ তৈরিতে খনন করা মাটির কিছু অংশ তাঁর বাসার একটি কক্ষে রাখেন এবং বাকি মাটি দুটি ঠেলাগাড়িতে করে পার্শ্ববর্তী নরসুন্দা নদীতে ফেলে দেন।
সূত্রমতে, টাকাগুলোর ওজন ২৪০ কেজি। বস্তায় ভরে ইউসুফ মুন্সীর একার পক্ষে রিকশায় করে টাকাগুলো ট্রাকে সরিয়ে নেওয়া সম্ভব কি না তাও জানার চেষ্টা চলছে। টাকার বস্তা তেরিপট্রি বড়বাজারে রিকশায় করে নেওয়া হয়েছে। রিকশাচালক, ট্রাকচালক ও তাঁর সহযোগী এবং ট্রাকের নম্বর সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত দলের এক সদস্য জানান, জিজ্ঞাসাবাদে ইউসুফ বলেছেন, দুবাইয়ে নির্মাণশ্রমিক হিসেবে তিনি কাজ করতেন। এ ছাড়া ন্যাশনাল জিওগ্রাফি টেলিভিশন চ্যানেল দেখে সুড়ঙ্গ তৈরির কাজটি আরও নিখুঁতভাবে জানতে পারেন। এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি সুড়ঙ্গটি তৈরি করেন।
এদিকে টাকার বস্তা নিয়ে ইউসুফ রাজধানী শ্যামপুরের যে বাসায় উঠেছিলেন সেই বাসার মালিক নূরুল হুদাকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে এনে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।