ঘটনাস্থলে চীনা দূতাবাসের প্রতিনিধি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে চীনা ব্যবসায়ীকে হত্যার পরদিন আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছে চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দল। দূতাবাসের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডেভিড টিং ও ডাইরেক্টর জিয়ালি মিং এর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঘটনাস্থলের আলামত ও হাসপাতালের মর্গ পরিদর্শন করে লাশের ছবি তোলে।

পরে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে মামলার অগ্রগতির খোঁজ খবর নেন। এ ছাড়া নিহত চ্যাং হিং সং এর লাশ নেওয়ার জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীরের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার উপশহর এলাকা থেকে চীনা ব্যবসায়ী চ্যাং হিং সং (৪৬) এর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। তাঁরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার চশপাড়া গ্রামের নাজমুল হাসান (২৫) ও মুক্তাদির আহমেদ (২২)। আটকের পর হত্যার দায় স্বীকার করে তাঁরা দুজনই যশোর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অর্থ আত্মসাৎকে কেন্দ্র করে দুজনে মিলে চীনের ওই নাগরিককে হত্যা করেছে। আটক দুজনই হত্যার দায় স্বীকার করেছে।’