ঘটনাস্থলে দ্বিতীয় দফায় পিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শীর্ষ জঙ্গি তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহতের ঘটনায় করা মামলা তদন্তের অংশ হিসেবে দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দল।
পিবিআইর অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) মইনুল আহসানের নেতৃত্বে তদন্ত দলটি শহরের পাইকপাড়া এলাকায় জঙ্গিদের ভাড়াবাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে গতকাল বুধবার দুপুরে পরিদর্শনে যান। এ সময় বাড়ির মালিক নুরউদ্দিন দেওয়ানও উপস্থিত ছিলেন।
পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়ার পর গত সোমবার প্রথম দফায় পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদারের নেতৃত্বে তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে।
গতকাল পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি মইনুল আহসান বলেন, ‘নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশের কাছ থেকে মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।’